যতিরেখ্ বিশ্বাসের কবিতা

যতিরেখ্ বিশ্বাসের কবিতা

পাতে একটু নুন দাও

পাতে একটু নুন দাও, যত্নের সুক্তো
সুস্বাদু হোক
আদরের তটে জমেছে পলি, বাঁধ ভাঙলে
বন্যা এবার নিশ্চিত
বন্যা এলে, ছেড়ে যেও না।
মনে আছে !
গেল ঝড়ে উড়ে গেল ওড়না
ছুঁয়ে গেল মুখ, রয়ে গেল
বাতাস কাঁপানো সে গন্ধের
অমলিন সুখ…

পুনরাবৃত্তি

এক সাদা প্রজাপতি
অবিরাম রোদ্দুরের নৌকো বেয়ে চলেছে
এক খয়েরি বিড়াল
পাঁচিলের উপর থেকে খুঁজছে
রূপচাঁদ মাছের আঁশটে গন্ধ
এই পড়ন্ত হিমে
পাঁজা করা ইঁটের মধ্যে
কোথাও লুকিয়ে আছে শীতল সাপ
এদের সবার নিমন্ত্রণ
এই হাট, মাঠ, বাজারে
আজ একরাতের পুতুল পুজোয়
সেই আনন্দে গোটা চত্ত্বর আলোয় আলোকময়
মাঝরাতে অং বং চং শেষ হলে
আমরা সবাই হয়ে যাবো অতৃপ্ত ড্রাকুলা
বের করে দেবো লকলকে ধারালো দাঁত
নরমুণ্ডের মালার নিচে পাতবো
শুকনো লাল জিভ
আ! কি স্বাদ!
কেটে গেলো সব মহামারী, অতিমারী
চলে গেলো সব মারণ বীজাণু
চল্ চল্, সকাল হয়ে আসছে
আসছে বছর আবার হবে …

দুধ-মালাই দুনিয়াদারি

মধ্যরাতের শীত
সিঁড়ি বেয়ে উঠে এলো উপরে ; সাথে এক নারী।
কলিংবেলের আওয়াজে তখন
স্ট্রবেরি ফ্লেভার।
আপনা-আপনি খুলে যায় সিঙ্গল ডোর
সুস্বাদু ভদকায় মেশে সাপের ছোবল ;
রক্ত গরম চাহনি।
তারকাটা, কালিঝুলি মাখা বাল্বের পাশে
দপ্ করে জ্বলে ওঠে
গোলাপি নাইট ল্যাম্প।
যা ! এবার দু-মুঠো জীবন নিয়ে
কোথায় পালাবি পালা !
দেখ্ কেমন লাগে —
দুধ-মালাই দুনিয়াদারি