বিমল মণ্ডলের কবিতা

বিমল মণ্ডলের কবিতা

সত্যের প্রার্থনা

১.

আগাধ সম্ভ্রম আর গভীর লজ্জা
বিচারকক্ষ হাতুড়ির শ্বাসাঘাতে
সংবিধান ছেড়ে হাইফেন দরজায়
দিনের মাঝে শপথ দুই হাতে।

২.
আদালত! তুমি তো বড়ো সময়
হাসি, কান্নার রচনা পটভূমি
ছেদ, যতির অভিনব আয়োজন
আলাপচারিতা বেকসুর আসামী।

৩.
ভিন্ন স্বাদ আনে খবর পাতা
পুরস্কার মেলে উলঙ্গ ধারায়
বিচার হয়; নির্দোষী প্রমাণিত
সময় ঘুরে নোটিশ ওরা ধরায়।

৪.
কবিরা গান ধরে কবিতার পাতায়
সত্যের সংজ্ঞা হারায় বিশিষ্টজনেরা
বলী হয় সত্য রঙিন কলমের হাতে
মিথ্যা তুলে নিয়ে যায় প্রত্যক্ষজনেরা।

৫.
শুভ ও অশুভের জাগরণ প্রতীকী
সত্যের চেহারার হাবুডুবু খেলে
আজ শ্মশানভূমির রাজ সাক্ষী হও
বেলা শেষে মিথ্যার মিছিল এলে।

৬.
বেঁধে দিলে বিচার দরজার গায়ে
বেকার পাণ্ডুলিপি পূর্ণ বিজ্ঞাপন
শাদা পৃষ্ঠায় লাল দাগ আইনি নোটিশ
স্তাবকবৃন্দ ঘোর পথে খোঁজে সত্যান্বেষণ।

৭.
পরিবর্তন শুধু হিংসার নামান্তর
সেই গ্রাম,সেই ঘর, সেই পৃথিবীর দেশ
নাচে, খেলে রকমারি সার্কাসে বুদ্ধিজীবী
কেবলই সেই ছবি; শুধু মুখে ছদ্মবেশ।

৮.
সমাজ বিশিষ্টদের নেই কোনো ভিত্তি
ভিত্তি নিই হঠাৎ এই পরিবর্তনের
বিচারও দুয়ারে দুয়ারে বিক্রি হয়
সত্যের দালাল ফিরে পায় সেই বৃত্তি।

৯.
একটা ছিপ, অসংখ্য মাথা
ঝোলা হাতে দীনতা সারাবেলা
ত্রাস, ভয় নজর কাড়ে সারাদিন
এজলাসে সংবাদ সারাদিন হয় খেলা।

১০.
কোনটা ভালো, কোনটা মন্দ
যাঁরা কোনোদিন পায় না হিসেবে
ভাগ্য আর বাস্তবতা কেবলই গলির মোড়ে
ঘুমিয়ে থাকে জন্মদিন ভাবে।