পার্থ সারথি চক্রবর্তীর কবিতা

পার্থ সারথি চক্রবর্তীর কবিতা

ভিড় করে আসা ভাবনারা

তেরো,

শহরের পাশে ছুটে চলেছে
নদী, সমান্তরাল
জল, নুড়ি, পাথর সব ভাসায়
আমরা বসে চ্যানেল বদলে যাই
আর তুফান তুলি চায়ের কাপে
প্রতি চুমুকেই লেগে আছে,
নদীর পাড়ের বাগানের ছেলেটির ঘাম
নদীর পাড়ের গাছগুলো শুধু দ্যাখে-
আমাদের চোখ দিয়ে

চোদ্দ,

বিজ্ঞাপনী চমক দেখি তোমার
চোখেমুখে
বারবার ধুয়ে নিলেও থেকে যাচ্ছে
কৃত্রিম আভা
সেই আভাতে হারিয়েছিল চারপাশ
শুধু মুচকি হাসি হেসেছিল একটি
ছোট্ট চারাগাছ
ইশারায় কাছে ডেকে নেয় হাওয়াকে-
ধ্রুপদী মুদ্রায়

পনেরো,

দমকা হাওয়া বইতে শুরু করে –
সবুজ ধানক্ষেতের সাথে সাথে
আমার বুকেও।
নাড়িয়ে দিয়ে যায় ধানের শিস
কাঁপিয়ে দেয় লো-ক্যালসিয়াম
হাড়গুলোকে
গরম পোশাক খুলে রেখেছি
আলপথের পাশে
তুমি উষ্ণতা খুঁজে বেড়াচ্ছ
ধানের গোলায়