আমিনুল ইসলামের কবিতা

আমিনুল ইসলামের কবিতা

ফুলগন্ধলেখা

মৃত্যুর জন্য কিছু ফুলের অযুহাত ফুটেছিল
সৈন্যরা খোলা আকাশে পায়রা উড়িয়েছিল
চিঠিগুলো প্রেমিক হয়ে বলেছিল ভালোবাসি
এখানেই শেষ নয় আরও অনেক অন্ধকার ঠেলে নিয়ে যাবে সোনালী রোদ হলুদাভ বাতাস ~
অথচ! অবাক করে… ওরাও শান্তি চায়!
ধূপ ও ধোঁয়ার কুণ্ডলি আরাধনায় পুড়িয়েছিল আঙুল
এবং বিভোর জলের প্রতিটি মুহূর্তকে সতর্ক সংকেত
জানানো হয়েছিল
তবুও তো অভাবের নবাব দিব্যি খেয়ে মাতাল

এই মাতলামির আগাপাশতলাজুড়ে ফুটে উঠেছিল থোকা থোকা বোগেনভিলিয়া…

হারমোনিয়ামের গল্প

হাইফেন-এর বিপরীতে পুরুষ গন্ধগুলো অপেক্ষায়
তারা ভেবেছিল ওপারে অনেক বৈপরীত্য
কিছু মেঘ জমেছিল মধ্যবর্তী সীমায়
আপেলগুলো লাল ঝুঁকি নিয়ে ঝুলেছিল
উদ্দেশ্যহীন ধূলোরা মাখিয়েছিলো পাথরময় মায়া
গাছেরা ঈর্ষাম্বিত পাখির নীড়ে জড়িয়ে রেখেছিল স্নেহলতা

ফুলের অন্তরদাহে ফুটে উঠেছিল চিত্তাকর্ষক মনবিজ্ঞান

বিড়াল রাস্তা কেটেছিল প্রকৃতির রূপ ও সৌন্দর্যের বিস্তারিত যাতায়াতে

এখন… ওপার থেকে তারাও ফিরতে চায়!
কেননা এদিকের ঠান্ডা হাওয়া পাসওয়ার্ড স্পর্শ করেছিল ওদের মনের

সুতরাং মনের কাছেই সমর্পিত ধূলোময়লা ঝেড়ে বেরিয়ে এসেছিল একঝাঁক সাদা বকের ম্যারাথন…