শর্মিষ্ঠা বিশ্বাসের কবিতা
মেঘ-বজ্র-বৃষ্টি
মেঘ বিষয়ক কথা হচ্ছিলো আমাদের চন্দ্রপাড়ার মোড়ে। ওখানে অনেকেই ছিলেন, যারা সকালের বাজারমুখি। তাদের পকেটে রাষ্ট্রের পূর্ণতার মানিব্যাগে ক্রেডিট কার্ডে ঝুঁকে ঝুঁকে চলা একটি বৃদ্ধের মানচিত্রের ওপর নতুন পৃথিবী তাঁবু খাটিয়ে শিকারের অপেক্ষায় আছে।
মেঘ তো তরলের রূপান্তরিত অবস্থা। এই অবস্থায় বজ্র- বিদ্যুৎ , এরা পুরোনো বৈদ্যুতিক খুঁটিতে করে বয়ে নিয়ে আসে বিভিন্ন দেশের বৈষ্ণব পদাবলী।
চণ্ডীদাসের কলমে এবার মুষলধারায়
বৃষ্টি নামলো।
বৃষ্টির পরে গাছের পাতার ডালের মেঘ বিষয়ক স্বেদজল আমাদের চন্দ্রপাড়ার ছোটো নদী দিয়ে এঁকেবেঁকে চলে গেলো শিলাইদহের পদ্মার ঢেউ-এ।