অমিত পাটোয়ারীর কবিতা
জুতোকাহিনী
১
মাধ্যমিক
উচ্চমাধ্যমিক
এরপর কলেজ চলতে চলতে শুরু হ’ল
রোহিণী পাদুকালয়
এক শিঙেল গন্ডারের বিজ্ঞাপন দিতে দিতে ,
কনকনে রাতে শাটার বন্ধ হয়
২
শব্দ হচ্ছে
বাবা আসছে
যাত্রার শেষের দিকে ক্রমশ ক্ষয়ে যায় ভিড়।
জানে সমস্ত অঞ্চল
আর আমরা বন্যায় নৌকো না পেলে
পাড়ে ব’সে দেখি—
ডোঙার জুতোয় হলুদ রাত্রিজল
৩
সকলেই এসে গ্যাছে।
সোনালী , সিঁড়ির নিচে
চেয়ে দ্যাখ। ছাড় , পড়তে যাবো না আজ
নি তে আটকে আছে ঋষি স্যার…
স্যারের জন্মের ঘরে
চল
আমরা শুদ্ধ ক’রি খাম্বাজ
৪
গরুদান হবে ?
ব্রাহ্মনের ঘরে
তাহলে একদিন রোশনচৌকি বসাই ?
স্বর্গারোহণ হবে খালি পায়ে।
চামড়া লাগেনা , তবু
সাদা কাপড় দিয়ে দরজা সাজালে ,
অ্যাডভান্স নিয়ে যায়
বাজারের বিখ্যাত কষাই।
৫
ভবতারিণীর চাতালে
শুধু নিজেদের ডিল সেরে নিই
ভাববার জন্য চটিগুলি ,
বিষ্ণু দে হয় কুকুরের।
জীবনে যত জবাফুল কিনেছি
ভেবে দেখি ,
চটিজোড়া কিনেছি আরও ঢের