লুনা রাহনুমার কবিতা

লুনা রাহনুমার কবিতা

জল

জলের তলে প্রথম প্রেম
জলের তলে সর্বনাশ,
শরীর ঘেঁষে প্রথম সুখ
দুঃখবেলার সূত্রপাত।

তুষার

আমাদের শহরে এসেছিল মেঘ।
মেঘের তুলো আকাশকে ভুলে
মাটিকে ভালবেসেছিলো,
শুধু একদিন।

মেঘের ডানায় ভর করে সেই একদিন
আমরা মাটিতে দাঁড়িয়ে আকাশ ছুঁয়েছিলাম।
আকাশের গায় লিখে দিয়েছিলাম
প্রিয় মানুষের নাম।

(অপ্রত্যাশিত) প্রণয়

প্রেম যদি আচমকা এসেই যায় বুকের জমিনে,
না বলে কয়ে যদি আষ্টেপৃষ্ঠে বেঁধে নেয় তোমাকে
সেই বন্ধনহীন যাতনার সাথে-
ফিরিয়ে দিও না একেবারে।

মূর্ছিত হবার আগে আগে
একবার স্মিত হেসো –
সজ্ঞানে তুমিও না হয় ভালোই বেসো,
প্রথম ও শেষবারের মতো, শুধু একবার।

নিজেকে সম্মানিত করার অধিকার তোমার আছে, মেয়ে।
জন্মের পাপে আজন্ম দুঃখী সেজে থাকার দিব্যি
কেউ দেয়নি তোমাকে।