ইঞ্জামামুল হকের কবিতা
আড়ি পেতেছি মৃত্যুর
দরজা খুললেই মৃত্যু দেখতে পাই
অথচ আমি ছুটে চলি গতিশীল এরোপ্লেনে ।
আমি দেখছি আধুনিক পৃথিবীর পথচলা―
নারীগর্ভ নাপাক বীর্যের সাক্ষী রাখে পরিত্যক্ত ভ্রূণে ।
আমি আড়ি পেতেছি মৃত্যুর―
মানুষের সহজাত ভীতি দূর করে হারাবো বহুদূর ।
একলা গড়বো ঘর বাঁশপাতায়
অন্ধকার গোরে আলো জ্বালবে পরিত্যক্ত ভ্রূণেরা অবলীলায় ।
পাপমোচন
নির্জন রাতে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছি স্বাধীনতাকামী নির্ভয় নারী ও শিশু;
হেয় করেছি,অপবাদ ও অশ্রাব্য কথা এনেছি
ছুড়েছি তীর অসহায় পথবাসী মানুষের বুকে ।
আমার দুই হাত,দুই পা হত্যা করেছে জর্জ ফ্লয়েড ও তাবরেজ আনসারী ।
দুই ফালি দাঁত ছিঁড়ে খেয়েছি মানুষের নরম মাংস
বারুদের বিষে ধ্বংস হল গাজা ফিলিস্তিন ।
আমি শুনেছি মন্দির মুছে দেয় পাপ স্নানে
শুনেছি নিষ্পাপ শিশু হয়ে যেতে পারি কাবা চুম্বনে ।
কিভাবে চিনবো মন্দির মসজিদ,কিভাবে চিনবো গির্জা
হাজারো মতভেদের ভিড়ে―
আমাকে বলে দাও সে পথ টিকে থাকা হে এক ঈশ্বর !