সোমা ঘোষের কবিতা
মেঘলা চরিত কথা
১
ঝমঝমে মেঘের মতো ছড়িয়েছে উড়ন্ত ডানার নিখোঁজ খবর। শ্যাওলা গলি, অরণ্য, রাজপথ। স্বভাবের দোষ নাকি গ্রহের কোপ।
শ্রাবণ শেষে মেঘলা গাছ একা মাঠের শেষে।
খোঁজ মেলেনি সরু নকশা পার – গৃহস্থালি, শীতলপাটি…
ভাসছে আউশ, ভাসছে আগামী, ভেসেছে আস্তাবল-
… আবারও অনুপ্রবেশকারী
ভূমিহারা মেঘ তুমি আর আমি…
২
কবিতার মাঝে লুকিয়ে লুকিয়ে
বিকেল শেষের আলো-
এলোচুলে হয়তো বাঁধা খোঁপায়
বর্ষা থামার অনেক পরে…
মুদ্রার দু পিঠ দু’রকম।
বকেয়া খাতা হলুদ পাতা-
মেঘলা হাওয়ায় উড়ে আসে
তোমার গলা সাধার খবর।
কলারে মাফলারে-
শহরতলী সব জেনেছে-
দোহারা মেঘ অন্দরে আবডালে।
৩
‘হামে ওউর জিনে কি চাহাত না হোতি’
বেগম তখন মেঘলা দিন-
বেতারে বিবিধ ভারতী।
উড়ন্ত পর্দা – অসাবধানী
বব ডিলান নাকি মহীনের ঘোড়াগুলি-
সারারাত ভেজা তানপুরা-
আশাবরী হয়তো বা বেহাগে
নিচু চোখে মারিয়ান গো –
মেঘেরাই ঠিক জানে
ভোরের মোরগ ডাক-সাম্যবাদ
হয়তো প্রাপ্তি হয়তো বা হারানোর সংবাদ।