ফাতেমা খাতুন মুক্তার কবিতা
অমোচনীয় দাগ
পাথরে পাথরে মোড়ানো আদিম গুহাতে
আমায় রেখে আসলেই বেশ ভালো হতো,
ইচ্ছের চারপাশে কঠোর বেষ্টনী,
নিচ্ছিদ্র গাঁথুনি ভেদ করে আলো বাতাস ঢুকে না বিন্দুমাত্র।
একদিন জীবন যুদ্ধে টিকে থাকার সুদৃঢ় মনোবল ছিল,
বেঁচে থাকার প্রবল ইচ্ছে ছিল,
মনের কোণে সুন্দর সাজানো একটা উঠোন ছিল,
আর ছিল এক আকাশ সারল্য।
অতি সাহসীকতা ভালো নয় জেনেও
কখন যে
সময়ের পথে এতদূর হেঁটে এসেছি কিছুই জানিনা,
তোমার মনের গহীন অরণ্যে আমার ঠিকানাটা চিরস্থায়ী হলো না,
বিশ্বাস
আর টুকরো টুকরো আশ্বাসের খুঁটিগুলো
আজ ভীষণ নড়বড়ে।
ঠোঁটে না আসা আর্তনাদ গুলো আমার বুকের গভীরে অমোচনীয় দাগ কাটে কঠিনভাবে,
আর
গড়িয়ে আসা পানির প্রবাহ
সেতো নদীতে না পৌঁছতেই মাটি অনায়াসে শুষে নেয় চোখের পলকে,
নির্দয় দৃষ্টি কেবলই সংবরণ শিখিয়ে দেয় আমাকে,
আর তাইতো তোমার মনের অন্ধকার গলিতে পড়ে থাকা
আমার নিঃশেষ হয়ে আসা শেষ অস্তিত্বটুকু একটা বাতিস্তম্ভ খুঁজে ফিরে অক্লান্ত ধ্যানে।
আবাস ও ইতিহাস
একধ্যানেই লিখা হয়েছিল এক দুর্দান্ত ইতিহাস,
চলে গেছে হাজার হাজার দিন কত শত সহস্র রজনী,
কিন্তু নিশ্চিত করতে পারিনি
এটা কি কোনদিন পূর্ণাঙ্গ ইতিহাস হতে পারবে কিনা।
বহুদিন ধরেই
একমনে পৃথিবীতে গড়েছি শান্তির আবাস,
কিন্তু পৃথিবীতে কোথাও কি আছে শান্তির ঘর?
কোথাও কি আছে নিরাপদ এক টুকরো আশ্রয়?
আজ কোথাও নেই স্বস্তির নিঃশ্বাস,
নেই স্বচ্ছ আশ্বাস,
নেই বিন্দুমাত্র বিশ্বাস।
কখনো কোন ঐতিহাসিক যুগে কেউ কি নিজ আবাসটাকে মনঃপুত করে পেয়েছিল?
কেউ বলবে হয়তো,
কেউ বলবে হয়তো না।
‘আবাস ও ইতিহাস’ দুটো শব্দে যতটা গড়মিল ততটাই মিল তাইনা !
ইতিহাস পাঠে কোন যুগে কেউ কি কোনদিন তৃপ্ত হয়েছিল?
কেউ বলবে হয়নি,
কেউ বলবে একদমই না, যুগে যুগে
ইতিহাস পঠনে চরম অসন্তোষই উপচে পড়েছে, অসহ্যকর অতৃপ্তি পাঠক মনকে তিক্তই করেছে অধিক সময়,
তবুও ইতিহাস রচিত হয়,
তবুও মানুষ আবাস গড়ে,
মনের মতো একটা আবাস,
একটা শান্তির নীড়
একটা সুন্দর বাসযোগ্য পৃথিবী,
আর এভাবেই ধীরে ধীরে
ইচ্ছায় অনিচ্ছায় রচিত হয় একদিন মানুষের ইতিহাস।
ছায়ামানব
অতি মনোরম শান্ত রোদ ছোঁয়া ক্লান্ত বিকেল,
একটু সময় নিজের করে পেয়ে
কেঁপে উঠি ভালোলাগার অসীম উল্লাসে।
নীড়ে ফেরা পাখিদের শুভ্র ডানায় ভর করে,
গোধূলি বেলায় লালিমা ছড়া ঢেউয়ে
দুলে উঠে মন ছায়ামানবের ধ্যানে,
মনের আয়নায় তোমার ছায়াটা এতটাই গাঢ়
এতটাই সমুজ্জ্বল যে,
তোমাকে ছায়ামানব না বলে থাকতে পারিনি।