বঙ্কিমকুমার বর্মনের কবিতা

বঙ্কিমকুমার বর্মনের কবিতা

প্রিয় ধ্বনি

প্রিয় ধ্বনির প্রণাম হাত জোড় করে আছে পূর্ণস্নানে
বরফ পোষাক ছেড়ে গোপন ফুটিয়ে তুলে গোলাপের বাণী

এই মধ‍্যবিত্ত পোড়া দাগের কম্পাস
হেঁটে যাচ্ছে রোজ অশ্রুজলের শহরতলী
তাঁকে কিছুতেই বোঝানো যায় না মুখোশের ভরাডুবি

জানিনা কতগুলো মহাপৃথিবীর মাইলস্টোন
দাঁড়াব কোন চরণ চিহ্নের কোলাহলে

সরে দাঁড়ায় দূরত্বে অপূর্ব জলনক্ষত্র কাহিনী
আয়ত্তে আমার হ্রদের কৌতূহলী ।

ঋতুচিহ্ন

জলসূর্যের প্রতিশ্রুতি পোড়ালে ঝলসে ওঠে বারুদের ঘামফুল
পায়রার শান্তি পরাগ ফুটে আছে ঘাসের যন্ত্রণায়
এখানে বিভেদ রচিত হয়েছে চরণচিহ্ন ব‍্যবহারে
নিরিবিলি শশ্মানের তৃষ্ণা উপচে পড়ে রজনীগন্ধার সংশয়ে

ঘষে দিই মার্জিত জয়ধ্বনির সৌভাগ্যলিপির অক্ষর
গজিয়ে উঠুক শ্রাবণলতা —

চলো বুনে দিই নিঁচু জমিতে মধুর সম্পর্ক ফসল
যা আমাদের মাঝে মাঝেই ছায়ারোদ ফেরি করবে

একটা অবিশ্বাস কাঁধের কাছে বহুদিন ঘুরছে
তাঁকে আমি বৃষ্টিপ্রেমের কথা বলি
সে আমাকে অমীমাংসিত ঋতুচিহ্ন ছুঁড়ে দেয়…