প্রনব রুদ্রের কবিতা

প্রনব রুদ্রের কবিতা

ঝিনুকে থাকে মুক্তো

নির্ভুল জীবন-সম্পর্ক-সুখ বলে কিছু নেই।
বৃক্ষ যতটুকু জল শেকড়কে দেয়
সবটা ফুল-ফলের অন্তরে আসে না।
হেরে যাওয়া নিয়ে দূরে সরে গেলে
কাঁটামুকুটের ভর বোঝা যায় না।

চৌত্রিশ বছর বয়সেও কর্পদকশূন্য রোজগার
বাবার সঞ্চিত অর্থে নিশ্চিত শয়নকলাযাপন।
কতটা, জীবন সঠিক বাতাসের ভার বইলো
অপরিচিত পাখি কখনই জানতে চায় না।

গাছের ঝরাপাতা, হাওয়া যেকোনদিকে নিতে পারে
নিঃশ্বাস নিতে অসুবিধা নেই, আয়াসী সুখের জন্য
বিত্ত, ভালোবাসার জন্য এইখানে মেলে দিলাম মাদুর।

এতোটা পথ এসে বুঝলাম প্রিয়তম, ঝিনুকে থাকে মুক্তো
শুধু ভালোবাসা নিয়ে কী করবো সাথে কষ্ট নাই যদি পেলাম।