নিবিড় সাহা’র কবিতা

নিবিড় সাহা’র কবিতা

কথা ও ছবি

আজও কথা বেশ কিছু রয়েছে
ছড়িয়ে ছিটিয়ে উঠোনের মাঝে,
শব্দ কিছু, চৌকাঠ পার হয়ে আসে
প্রতিদিন সকাল আর সাঁঝে l

দিনলিপি হাতের মুঠোয় নিয়ে
বন্ধ চোখের পাতা নদী ছুঁয়ে থাকে,
আজও ছবি বেশ কিছু রয়েছে
ছড়িয়ে ছিটিয়ে সেই নদীটার বাঁকে।

থেকে যায়

কথাদের মৃত্যু নেই জানি
নদীর মতোই বয়ে চলে,
শরীরের শেষ আছে তবু
তার কথা অন্য মুখ বলে l

কত কথা বলা হয়ে গেছে
সবতো লিখিনি মনে করে,
হয়তো কোথাও থেকে যাবে
কোনোদিন বলা হবে পরে l

সূতপুত্র

তোমাদের হস্তিনাপুর, সে আমার নয়
রক্তস্নাত জাহ্নবীও জানে
মৃত্যুই লিখে যাবে আমার পরিচয়
তোমাদের হস্তিনাপুর, সে আমার নয়
আলিঙ্গন করেছি, জেনেও নিশ্চিত পরাজয়
জন্ম শুদ্ধ হয় যদি বলিদানে
তোমাদের হস্তিনাপুর, সে আমার নয়
রক্তস্নাত জাহ্নবীও জানে