শফিকুল ইসলাম সোহাগের কবিতা
স্বীকারোক্তির পদ্য এবং
অসম্ভবের শব্দগুলো কুড়িয়ে বেড়াই,দিগবলয়ের সবুজ পাখি— জেগে ওঠার মন্ত্র শেখার যান্ত্রিকতায়। ক্রমাগত সমস্ত রাত শেকড় নিয়েই স্বপ্ন গড়ি ; অনবদ্য প্রণয় মেলার বিকশিত আলোর ঘাটে। ভেতর এবং বাহির বুঝি। আমিও এখন কাব্য লিখি।
স্বীকারোক্তির জবান পাঠে নালিশগুলো দেই খারিজে। যদিও এখন আমার নামের নামজারিটাও শেষ করেছি। প্রতিচ্ছবির পদ্য-মাঠে অনন্ত যার রহস্য পাঠ। শুদ্ধ বুলির আবাদ শেষে,অসীম শাখায় বকুল তুলি। মনন পথে।
বিচ্ছেদ নেই,অক্ষরে যার রোজ মিতালি । চিত্রকল্প উদ্ভাবনে প্রতিদিনের ডায়েরি ভরি। আমিও এখন কাব্য লিখি ।