দ্বীপ সরকারের কবিতা
জিলাপীর খাঁজ ও মোড়ক উন্মোচনের দিন
প্রথম বইয়ের মোড়ক উন্মোচনের দিনে-
তখন দেখেছি জিলাপীর খাঁজ কাটা শরীরে
কত যে নিখাদ স্বাদ!
খাচ্ছি চেটেপুটে-ঠোঁটে লেগে যাচ্ছে শিল্পের বৈভব
জিলাপীকে মুখরোচক ভাবি-
খাঁজে ভরে থাকা রসকে গোলাপজল
অথচ মিষ্টির কারিগরকে কে কতোটা চিনি জানি,বলো
আগুনের তাপ খেয়ে খেয়ে যারা কুড়িয়ে আনে শিল্পের সংজ্ঞা
এইসব নকশা কাটা হরেক রকমের জিলাপীর কারিগর ওরা
আমিও নাক ডুবিয়ে খাই-আত্মীয়তা করি,
হোটেলে বসি,টাকা দিই
পেছনের ঘরে কারা থাকে-ঘর্মাক্ত শরীরে
তাদের চিনি না
আমার প্রথম বইয়ের মোড়ক উন্মোচনের দিনে
জিলাপীকে ভেবেছি-“এটাও একটা সাংঘাতিক শিল্প হতে পারতো”