ডাঃ এ এম আসিফ রহিমের কবিতা
ভালবাসার কান্না
নির্বিকার ভাবনায় ছিলাম ডুবে
পঞ্চমীর চাদ ডুবে যাওয়া শূন্য আকাশে তাকিয়ে।
এখন স্তব্ধ সব বিবশ অনুভুতি ঘুমিয়ে যায়
কিছুই করার থাকে না আর—
অথচ অস্থির অনুরাগ চঞ্চল
হরিনচোখে ভালবাসার কাব্য বলে না আবৃত্তির ঢঙে ।
রৌদ্রালু বিকেলে সঙ্গী হয় করতল আর বুনো অভিজ্ঞতার ঝুলি,
নিত্য চলাচলের এই খেয়াপারে তবু অবশিষ্ট থাকে তোমার দেয়া
কিছু সংলাপের অপলাপ।
গোলাপ ছিড়ে যায় অস্তিত্বহীন সব সুখ নিয়ে
আমি একাকি তক্তপোষে চিটচিটে ঘামে ছবি খুঁজি।
ভ্যাপসা বাতাসে উতকট সব স্মৃতির কোলে
আমি খাতা খুলে বসি পরম যত্নে—
যেন পরম আবেশে ব্রন উঠা মুখে আমি গড়ে চলেছি আমারই মনের মানুষকে…
ছিটকে পড়া চমকে
আমি বাস্তচ্যুত অধিকারে ফেরারি হয়ে গেলাম
সব দায়ভার ঘাড়ে অচেনা স্টেশনে
আকাশ ভেঙে পড়া প্রলয় তাণ্ডবে।
সম্পর্কেরা নিহত লাশের সারিতে খাবি খায়
রক্তাক্ত ফাগুনে এখন শুধু স্মরন সভার আয়োজন হয়।
শুকনো সব এটো যন্ত্রনা মুছে আবার শুদ্ধ হতে চাই—
সভ্যতার মত নগ্ন সব অভিব্যক্তি নিয়ে
আমিও চিতকার করে বিচারের দাবিতে মামলা ঠুকে দেব…
পৃথিবী পেরিয়ে স্বর্গে সেই বিধাতার কাছে
পুস্পিত সব অনুরাগের বুকে মাথা গুজে পরম শান্তিতে
ডুকরে কেদে বলব ভালবাসি আর কখনো যাব না ছেড়ে তোমায়৷