ইউসুফ মোল্লার কবিতা

ইউসুফ মোল্লার কবিতা

ওটা জননীর বুক

নিকষ পাথরের বুকে কে দিল রক্ত,
ভেবেছিলাম তার বুক থেকে বের হবে সাদা দুধ।
ধুয়ে দাও তার বুক, রক্ত চলে যাক
এখনও ফিরে পেতে পারো জননীর বুক।

পৃথিবীতে আগুন ধরালে তবেই পাবে বাষ্প,
বৃষ্টি হয়ে নামুক,আর বাঁচুক ধরাকুল।
পুড়িয়ে দিয়ে যাক ওরা আমার সাজানো বাগান,
পড়ে থাকা ছাই উর্বর সার বানিয়ে করবো নতুন সৃষ্টি।

তোমার বুলেটের সামনে আমার প্রাণ বাজি রাখতে পারি,
জানি; বুলেটের চেয়ে শক্তিশালী আমার মায়ের বাণী।
এখনও ধুয়ে দিতে পারো তার বুক,
ওটা জননীর বুক, ওখান থেকে
জন্ম নেবে নতুন প্রাণের দূত।

সম্পর্ক

বাটখারার মতো ভারী এক একটি সম্পর্ক,
যদি তোমার চোখে বাঁধা থাকে কালো পট্রি
আর হাতে থাকে আদালতের সেই দাঁড়িপাল্লা।
না; আমি অন্ধ হতে বলিনি
শুধু নিরপেক্ষ কেমন করে থাকতে হয়
সেটা শিখে আসতে বলেছি।
সমুদ্র পার করে জাপানে যেতে হবে না,
শুকনো পাতার যে মর্মর ধ্বনি
ওখান থেকেও শিখতে পারো।
কীভাবে ঝরে গেলে নতুন প্রাণ আসে,
কীভাবে মরতে মরতে গান বলতে জানে,
কীভাবে বৃষ্টিকে ভেঙে চুরমার করতে জানে।

এখনও সূর্য আর চাঁদের বিরোধ হয়নি,
যদিও তুমি রাতে; আমি দিনে।