এম মোসাইদ খানের কবিতা
মিথহারা
জিহ্বার টেবিলে কতো প্রতিশ্রুতি জবাই হয় প্রতিদিন
বিজ্ঞাপন চোখে-
প্রতিদিন টপ করে খসে যায় যার তার ঠোঁট আর ঝরে মুখের বাখল,
আজকাল দূরদর্শন, জনসমুদ্রে কথা সেলাই করে মানুষ জিওল সুখে
চেতনার পায়ে কুড়াল মেরে জোট বেঁধে ভাঙা আয়নায়, মঞ্চ সাজায় কতো তেজারত মুখ ।
সূর্যের গুহায় মেঘ পোষাদের জমজমাট ভিড়
ছাই পরে ইতিহাসের পাতায়,
কৌলিন বাতাসে ভাসে যতো মিথহারা সুর ।
বিস্ময় বড় বিস্ময়
চোখের গোড়ায় বসে কুয়াসার চাদর খুলে দেখি সোনার আঙুলে চর্বি জমে গেছে
হায় সাধের অঙ্গুরি এখন পরাই কী করে ?